কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার কঠোর নির্দেশ দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিশেষ নির্দেশনায় প্রবাসীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত নির্দেশনায় উল্লেখ করা হয়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে বাংলাদেশ হাইকমিশন। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ সেবা নিতে আসা ওই প্রবাসীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ ভালোভাবে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেয়।
নির্দেশনায় আরও জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে যেকোনো দাপ্তরিক প্রয়োজনে চলাচলের সময় তাদের প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সবসময় সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকমিশনের যোগাযোগ নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।