সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে ইমা ও লাবিব নামের দুই কোমলমতি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাটকেখালী গ্রামের গফুর সাহেবের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো—বাटकेখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন লিমা এবং একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মীর লাবিব হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও সন্তানরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি গফুর সাহেবের পুকুরে গোসল করতে নেমে ঘাটে দুই জোড়া জুতা দেখতে পান। জুতা দেখে সন্দেহ হলে তিনি পানিতে নেমে খোঁজ করার সময় এক শিশুর স্পর্শ পান। পরবর্তীতে তার ডাকে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
মরদেহ উদ্ধারের পর স্বজনরা দ্রুত তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা উভয়কেই পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।