হবিগঞ্জের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েছ মিয়া (২৮) নামের এক মাদক মামলার আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ পিস ইয়াবাসহ আটকের পর আদালতের নিচ থেকে তার এমন পলায়নের ঘটনায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানার পুলিশ নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে আটক করেছিল। পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
আদালতের হাজতে তাকে রেখে আসেন কোর্ট পুলিশের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন পাল। এর কিছুক্ষণ পরেই পুলিশ সুপারের নিরাপত্তা ভেদ করে হাজত থেকে সুকৌশলে পালিয়ে যান ওই আসামি।
দায়িত্বরত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও পলায়নের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলার শিবপাশা ইউনিয়ন থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত কোর্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত এএসআই সুমন পালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ পাল এবং জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত থেকে পালিয়ে যাওয়ার রাতেই তাকে পুনরায় আটক করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনো নিরাপত্তা ত্রুটি বা অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।