টঙ্গীতে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

গাজীপুরের টঙ্গীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই আকস্মিক হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ইটপাটকেল নিক্ষেপে মাসুদ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কেরানীরটেক বস্তি থেকে কুখ্যাত মাদকসম্রাজ্ঞী রানীর ছেলে এবং পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতকড়া পরানো অবস্থায় টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত চড়াও হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর রাতেই অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। রাতভর চলা এই অভিযানে পুলিশ হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হোসেন, আশরাফুল ইসলাম, নাইম মিয়া, সোহাগ এবং আদর। তবে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মূল আসামি রাহুলকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুল আলম জানান, পরোয়ানাভুক্ত আসামিকে থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং এ সময় কনস্টেবল মাসুদ আহত হন। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

০%
০%
০%
০%