টরন্টোতে মার্কিন কনস্যুলেটে ফের গুলি বর্ষণ তদন্তে পুলিশ

কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেল কার্যালয়ের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। চার মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটল। সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্যমতে, গোলাগুলির পর একটি সাদা রঙের সেডান গাড়িকে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। নিরাপত্তার খাতিরে এবং গাড়িটির অস্বাভাবিক গতির কারণে পুলিশ ধাওয়া করেও তা ধরতে ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং কনস্যুলেটের ভবনের সম্মুখভাগের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ওয়াশিংটন। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ঘটনার মোটিভ বা কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে গত ১০ মার্চ একই ভবনে একাধিকবার গুলি চালানো হয়েছিল। সে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযানে এক পুলিশ সদস্য নিহত হন। জুন মাসে টরন্টো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে তরুণদের উদ্বুদ্ধ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুগুলোর তালিকায় সিনাগগ, ইহুদি স্কুল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং মার্কিন কনস্যুলেট অন্তর্ভুক্ত ছিল। যদিও এ দাবির সপক্ষে সরাসরি কোনো প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি। বর্তমানে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তায় এ ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%