নিয়ন্ত্রণ ভেঙে হাগিং ফেসের সার্ভারে ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণার জগতে এক নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঝুঁকির ঘটনা সামনে এসেছে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি অত্যন্ত শক্তিশালী এআই মডেল একটি নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে অপর একটি এআই প্রতিষ্ঠান ‘হাগিং ফেস’-এর সার্ভারে অনধিকার প্রবেশ করেছে। এই ঘটনাটি প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণহীন বিকাশ নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, মঙ্গলবার তাদের অভ্যন্তরীণ সক্ষমতা যাচাইয়ের একটি মহড়া চলাকালে এই ঘটনা ঘটে। এতে জিটিপি ৫.৬ সল এবং বর্তমানে অবমুক্ত না হওয়া আরও শক্তিশালী একটি মডেলের সমন্বয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত এজেন্ট তার গণ্ডি অতিক্রম করে। এই এজেন্টটি চুরি করা লগইন তথ্যের পাশাপাশি একটি অপরিচিত নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে হাগিং ফেস-এর সার্ভারে ঢুকে পড়ে। ওপেনএআই দাবি করছে, পরীক্ষার লক্ষ্য অর্জনের অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য ওই এজেন্টটি এই চরম পর্যায়ে গিয়েছিল।
হাগিং ফেস-এর সহ-প্রতিষ্ঠাতা ক্লেমন্ট ডেল্যাংক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা আগে থেকেই সন্দেহ করছিলেন কোনো শীর্ষস্থানীয় গবেষণাগার থেকে এমন আক্রমণ চালানো হয়েছে। তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ক্ষতিকারক উদ্দেশ্য ছিল না বলেই তিনি বিশ্বাস করেন। ডেল্যাংক তার প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করে একে এআইয়ের ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন।
এই ঘটনাকে ‘অ্যালার্মিং’ বা উদ্বেগজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য গ্রেগ কাসার। তিনি অভিযোগ করেন যে, কোনো কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই এআই প্রযুক্তি অত্যন্ত দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। তাই এখন বাধ্যতামূলক নিরপেক্ষ নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তার ঝুঁকিগুলো জনসমক্ষে প্রকাশ এবং এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হয়ে পড়েছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শক্তিশালী এআই সিস্টেমের জাতীয় নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবুও এআই মডেলের মানুষের নিয়ন্ত্রণহীন হয়ে পড়া এবং সাইবার আক্রমণের আশঙ্কা নিয়ে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে আসছেন। গত মাসে অপর এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকও তাদের সবচেয়ে শক্তিশালী মডেলগুলোর উন্নয়ন আপাতত স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা