আজাদ কাশ্মীরের উন্নয়নে বিশেষ পরিকল্পনা ঘোষণা মরিয়ম আওরঙ্গজেবের

আসন্ন আজাদ জম্মু ও কাশ্মীর নির্বাচনকে সামনে রেখে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভোটার ও কর্মীদের অবিচল থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। কোটলিতে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, দলের নেতাকর্মীদের অটল মনোবল কোনো অর্থের বিনিময়ে কেনা সম্ভব নয়। তিনি ভোটারদের দলের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর আস্থা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
পাঞ্জাবের উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, পুরো প্রদেশজুড়ে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সড়কপথ নির্মাণ করা হচ্ছে এবং এক হাজারের অধিক ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনার জবাব দিয়ে বলেন, লাহোরের আদলেই আজ পাঞ্জাবের প্রতিটি শহরে দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে। এছাড়া পাকিস্তানের পাঞ্জাবের ৪১টি জেলাতেই এখন ওয়াসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।
আজাদ জম্মু ও কাশ্মীরের উন্নয়নে পিএমএল-এনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মরিয়ম আওরঙ্গজেব বলেন, নওয়াজ শরিফ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর সমান্তরালভাবে এগিয়েছিল। তিনি কোটলিতে গ্রিন বাস সার্ভিস চালুর ঘোষণা দেন এবং সেখানে আধুনিক মেডিকেল ডিস্ট্রিক্ট ও কার্ডিওলজি সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ও বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
আগামী দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ খুব শীঘ্রই ‘ক্লিন কাশ্মীর’ কর্মসূচি হাতে নেবেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আজাদ জম্মু ও কাশ্মীরে ‘সেফ সিটি’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সবশেষে তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে পিএমএল-এন প্রার্থীদের বিজয়ী করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ