ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও জাতীয় উন্নয়ন অক্ষুণ্ণ রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

শনিবার সকালে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। তিনি বিপ্লব উদ্যানকে ঐতিহাসিক স্থান হিসেবে অভিহিত করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে এখান থেকেই জিয়াউর রহমান প্রতিরোধ ও বিদ্রোহের ডাক দিয়েছিলেন, যা পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণায় রূপ নেয়।

জিয়াউর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মেয়র বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন ডা. শাহাদাত।

আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক ভিত রচনায় জিয়াউর রহমানের দূরদর্শী ভূমিকার কথা তুলে ধরে মেয়র বলেন, কৃষি, শিল্প, শিক্ষা ও রেমিট্যান্স খাতে তাঁর নেওয়া পদক্ষেপ আজও দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে টিকে আছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও পর্যটনসহ সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার বিশাল সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামকে দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দাবি পুনর্ব্যক্ত করে মেয়র বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ নেওয়া জরুরি। চামড়া শিল্পের বিদ্যমান সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্দর ও শিল্পনগরী হিসেবে চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করাই বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সন্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম ওয়াসার এমডি ও এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমসহ নগর বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার দেশপ্রেম ও সততাকে পাথেয় করে একটি দুর্নীতিমুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

0%
0%
0%
0%