অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও ভূমি দখলের তীব্রতা বৃদ্ধি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য ও সহিংসতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল, কৃষিজমি ধ্বংস এবং পানির উৎস ও বিদ্যুৎ সংযোগের মতো অত্যাবশ্যকীয় স্থাপনার ওপর নির্বিচার হামলার মাধ্যমে জনজীবনকে অসহনীয় করে তুলছেন দখলদাররা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বেথলেহেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-মানিয়া গ্রামে প্রধান বিদ্যুৎ সরবরাহ লাইনটি ক্ষতিগ্রস্ত করেছেন বসতি স্থাপনকারীরা। এতে পুরো গ্রামটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে এবং বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই গ্রামে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো নাশকতার ঘটনা।

একইদিন তুলকারেমের শাফা সামরিক তল্লাশিচৌকীর কাছে কৃষি গ্রিনহাউসগুলোতে তাণ্ডব চালিয়েছেন বসতি স্থাপনকারীরা। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আবাদি জমি রক্ষায় ব্যবহৃত জাল ছিঁড়ে ফেলায় স্থানীয় একটি পরিবারের কৃষিজ স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেরুজালেমের উত্তর-পূর্বে অবস্থিত আইন রাওয়াবি ঝর্ণার দখল নিয়েছেন বসতি স্থাপনকারীরা। এটি ওই অঞ্চলের বেদুইন সম্প্রদায়ের জন্য পানির একমাত্র উৎস, যার ওপর ১ হাজার ৩০০টি ভেড়া এবং কয়েক ডজন পরিবারের জীবন-জীবিকা নির্ভরশীল। জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে স্থানীয়দের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে।

রয়টার্সের তথ্যানুযায়ী, পশ্চিম তীরের জালুদ গ্রামে মোহাম্মদ সালামেহ নামে এক ফিলিস্তিনির নির্মাণাধীন বাড়ি দখল করে নিয়েছেন বসতি স্থাপনকারীরা। নিজের বাগদত্ত ছেলের জন্য স্বপ্নের বাড়িটি তৈরি করছিলেন সালামেহ, কিন্তু দখলদারদের আগ্রাসনের কাছে তাকে হার মানতে হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সালামেহ আশঙ্কা প্রকাশ করে বলেন, দখলদাররা এখন একে একে ফিলিস্তিনিদের ভিটেমাটি গ্রাস করছে, যা প্রতিবেশী পরিবারগুলোর জন্যও বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের গত মাসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, ২০২৩ সাল থেকে ফিলিস্তিনি গ্রাম ও কৃষিজমির ওপর বসতি স্থাপনকারীদের হামলা ১৩০ শতাংশ বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৫০ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস। অব্যাহত এই সহিংসতা, ভাঙচুর ও ভূমি দখলের ঘটনায় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%