গিলগিট-বালতিস্তানের উন্নয়নে ১০০ দিনের কর্মপরিকল্পনার নির্দেশ বিলাওয়ালের

গিলগিট-বালতিস্তানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নতুন গঠিত সরকারকে জনগণের দোরগোড়ায় থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। রুদ্ধদ্বার কক্ষে বসে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ না করে সাধারণ মানুষের সমস্যা সমাধানের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের জন্য তিনি দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গিলগিটের মুখ্যমন্ত্রী ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের গভর্নর কামার জামান কাইরা, মুখ্যমন্ত্রী আমজাদ হোসেন অ্যাডভোকেটসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় বিলাওয়াল ভুট্টো জারদারি অঞ্চলটির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১০০ দিনের একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। নির্দিষ্ট সময়সীমা শেষে এই পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তার কাছে জমা দেওয়ার কথাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।

সভায় আসন্ন নির্বাচন এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন দলীয় কর্মকর্তারা। এই প্রেক্ষাপটে বিলাওয়াল ভুট্টো জারদারি সম্পত্তি আইন কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং গিলগিট-বালতিস্তান বিধানসভার প্রথম অধিবেশনেই সার্বভৌমত্ব সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপনের নির্দেশনা দেন।

দলীয় যোগাযোগ আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। জনগণের কাছাকাছি থেকে রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনআস্থা অর্জনে পাকিস্তান পিপলস পার্টির এই শীর্ষ নেতা দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%