পাঞ্জাবের পাঁচ জেলায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস পরিষেবার যাত্রা শুরু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে পাঁচটি জেলায় আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই আধুনিক পরিবহন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রদেশের প্রতিটি শহর ও উপজেলাকে এই বৈদ্যুতিক বাস সেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে প্রাদেশিক সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, লিয়্যাহ, চিনিয়ট, শিয়ালকোট, ওকারা এবং মুরিতে এখন থেকে এই সেবা চালু থাকবে। বিশেষ করে পর্যটন শহর মুরি এই প্রথমবারের মতো বৈদ্যুতিক বাস সার্ভিসের অন্তর্ভুক্ত হলো। এটি পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ গণপরিবহন ব্যবস্থা হিসেবে গণ্য হচ্ছে, যা নাগরিকদের যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই বাসগুলোতে প্রবীণ নাগরিক, নারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়ার সুবিধা রাখা হয়েছে। প্রকল্পটির আওতায় আরও ১০১টি নতুন বৈদ্যুতিক বাস প্রদেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পাঞ্জাবজুড়ে মোট ৫ হাজার বৈদ্যুতিক বাস পরিচালনার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাদেশিক প্রশাসন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ