সিদ্ধিরগঞ্জে ক্যাশলেস লেনদেন বাড়াতে পূবালী ব্যাংকের দুই দিনের ক্যাম্পেইন শুরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও মতবিনিময় সভার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। মূলত ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং বাংলা কিউআর কোডের সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সোনিয়া জাহান। এ সময় আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবু মার্কেট শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, টানবাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ফতুল্লা শাখার ব্যবস্থাপক লায়লা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার গাজী মো. শহীদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের কোনো বিকল্প নেই। বাংলা কিউআর কোড চালু হওয়ার ফলে এখন থেকে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকেরা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই অত্যন্ত দ্রুত, সহজ ও নিরাপদে তাদের প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।