ঝালকাঠিতে যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্যে ‘ইউথ এমপাওয়ারমেন্ট অ্যান্ড সাইবার সেফটি ওয়ার্কশপ ২০২৬’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার ঈদুল আজহার তৃতীয় দিনে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় তরুণদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেয় ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলমান এই কর্মশালায় তরুণদের ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্বের কৌশল, গবেষণাধর্মী কাজ, ডিজিটাল প্ল্যাটফর্মে গল্প বলা, লেখালেখি, সাহিত্য-সংস্কৃতি চর্চা, সামাজিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়। এছাড়া বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় হিসেবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত জটিলতা ও প্রতিকারের উপায় নিয়ে পাঁচটি ভিন্ন সেশনে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির প্রবীণ আইনজীবী মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার এবং গবেষক ইসমাঈল মুসাফির। এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক খালেদ সাইফুল্লাহ, ইয়াসের সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা তরুণদের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক তুলে ধরেন।

দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে ছিল উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এসময় অংশগ্রহণকারী তরুণরা প্রশিক্ষকদের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ডিজিটাল যুগে নিরাপদ থাকার উপায় ও নেতৃত্ব গঠনের চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আয়োজকদের মতে, এমন উদ্যোগ ঝালকাঠির তরুণ সমাজকে দক্ষ ও আধুনিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%