সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ২৯ জুলাই সিআইডি সদর দপ্তরে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৮ জুন ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ দেয়।
দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পেশাদারিত্ব ও সততার স্বাক্ষর রেখেছেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদানের পর তিনি মাঠ পর্যায়ের প্রশাসন ও তদন্ত বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিআইডি প্রধান হিসেবে যোগদানের পূর্বে তিনি এনএসআই-এর পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করেন এবং সেখানেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করেন।
তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব এবং পুলিশের বিভিন্ন রেঞ্জে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে। তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তিনি যে দক্ষতা অর্জন করেছেন, তা সিআইডির কর্মপরিধিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষাজীবনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ব্যারিস্টার মোশাররফ যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। তিনি মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে আধুনিক ফরেনসিক ও পুলিশিং বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
