কেবল প্রবৃদ্ধি নয়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেওয়ার আহ্বান

কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে ছুটলেই হবে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার ২৮ মে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। নগরের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে নামাজ শেষে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে, যার আঁচ বাংলাদেশের ওপরও পড়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে একটি অস্থিতিশীল অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আমির খসরু বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বাড়েনি, বরং বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বজায় রাখতে সরকার নিরলস কাজ করছে। তারাক রহমান সরকারের এই জনবান্ধব পদক্ষেপের ফলে ক্রমান্বয়ে দ্রব্যমূল্য আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এটি জনগণের ভোটে নির্বাচিত একটি দায়বদ্ধ সরকার, যারা একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেশবাসীর কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করেন তিনি।
