রাজপথে স্লোগান দিয়ে বা উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে বর্তমান নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর কিম্মত আলী গোলাম রব্বান খান উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, বিরোধী দল মনে করে রাজপথে স্লোগান দিলেই সরকার এখনই পদত্যাগ করবে এবং তারা অবিলম্বে ক্ষমতায় চলে যাবে। কিন্তু এত সহজে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। একমাত্র দেশের জনগণই ভোটের মাধ্যমে সরকারের ভাগ্য নির্ধারণ করতে পারে। বিগত নির্বাচনে জনগণ পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে, কোনো এক বছরের জন্য নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পাঁচ বছর সরকারের পাশে থেকে দেশ গঠনের কাজে সহযোগিতা করুন। বিরোধী দলের কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য তিনি স্থানীয়বাসীর প্রতি অনুরোধ জানান। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, মন্ত্রী-এমপিরা নিজেদের বিশ্রামের সময় বিসর্জন দিয়ে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। অথচ বিরোধী দল নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও লংমার্চের নামে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে।
ভালো কাজের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, যদি সরকার কোনো ভুল করে, তবে তা সংসদে বসে সমালোচনা করুন; কিন্তু রাজপথে সাধারণ মানুষের ক্ষতি করবেন না। পাঁচ বছর মেয়াদ শেষ হলে জনগণই ব্যালটের মাধ্যমে কাজের মূল্যায়ন করবে। বর্তমান সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের যেখানেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ.কে.এম মামুনুর রশীদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।