মাহফিলের নামে সরকারবিরোধী চক্রান্ত কিংবা কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকার কোনো ধর্মীয় মাহফিলের বিরুদ্ধে নয়; বরং যেকোনো যৌক্তিক সহযোগিতায় প্রশাসন ও সরকার সবসময় পাশে রয়েছে। তবে বিশ্বাসের জায়গাটিকে পুঁজি করে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার প্রতিটি স্তরের নেতাকর্মীকে এ বিষয়ে সর্বদাই সোচ্চার ও সতর্ক থাকতে হবে। মাহফিলগুলোতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেন—এমন নিরপেক্ষতাহীন বক্তা পরিহার করার সময় এসেছে। বক্তারা যেন কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে পবিত্র কুরআন ও হাদিসের সঠিক ও নিরপেক্ষ ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে সঠিক পথের সন্ধান দেন, সেটি নিশ্চিত করতে হবে।
মাহফিল আয়োজনে দলীয় সম্পৃক্ততা ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ধর্মীয় এসব অনুষ্ঠানে নানা মতের মানুষ অংশ নেয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও সেখানে মুক্তহস্তে অর্থায়ন করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সম্মিলিত অর্থায়নে আয়োজিত এসব অনুষ্ঠানে একপেশে রাজনৈতিক বক্তব্য দেওয়া বক্তাদের আমন্ত্রণ জানানো হয়, যা কোনোভাবেই কাম্য নয়। দলীয় প্রচারণার জন্য ধর্মীয় মঞ্চ ব্যবহার না করে বরং ইসলামের শাশ্বত বাণী প্রচারের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ স্থানীয় বিএনপি ও ওলামা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সঠিক উপায়ে ওয়াজ ও মাহফিল পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।