টালিউডের জনপ্রিয় তারকা জুটি সৌরভ এবং শুভস্মিতার প্রেমকাহিনি যেন রূপকথার মতো। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সেটে প্রথম দেখা, সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে গভীর প্রণয়। সম্প্রতি রবিবার এই জুটির জীবনে এসেছে এক বিশেষ আনন্দের মুহূর্ত। ওই দিন ঘটা করে উদযাপিত হয়েছে সৌরভের জন্মদিন। আর এই বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখেননি হবু কনে শুভস্মিতা।
জন্মদিনের এই উদযাপনের শুরুটা হয়েছিল শনিবার। ওই দিন সৌরভের মায়ের জন্মদিনে শাশুড়ি মায়ের ছোটবেলার বন্ধুদের একত্রিত করে এক চমৎকার চমক উপহার দিয়েছিলেন শুভস্মিতা। এরপর রবিবার রাতে ঘরোয়া আয়োজনে ধুমধাম করে কেক কেটে উদযাপন করা হয় সৌরভের জন্মদিন। এই বিশেষ দিনে বার্থডে বয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে কালো রঙের থিম বেছে নিয়েছিলেন শুভস্মিতা, যা জুটির অনুরাগীদের নজর কেড়েছে।
জন্মদিনের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সোমবার সামাজিক মাধ্যমে সৌরভের সঙ্গে কাটানো একগুচ্ছ রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ করেন শুভস্মিতা। ছবিগুলোর মধ্যে যেমন রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের শুটিং ফ্লোরের পুরনো স্মৃতি, তেমনই রয়েছে একসঙ্গে কাটানো দুর্গাপুজোর স্নিগ্ধ মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে সৌরভকে উদ্দেশ্য করে একটি আবেগঘন খোলা চিঠি লেখেন অভিনেত্রী, যা টালিপাড়ার অন্দরমহলে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
চিঠিতে শুভস্মিতা লিখেছেন, প্রথম দেখায় তিনি বুঝতে পারেননি তার জীবনে কী অপেক্ষা করছে। সৌরভের হাত ধরার মুহূর্তটিকে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে উল্লেখ করে অভিনেত্রী আরও জানান, মাঝেমধ্যে তার মনে হয় পূর্বজন্মের কোনো যোগসূত্র রয়েছে তাদের মধ্যে। সৌরভের সমস্ত চাওয়া পূরণ করতে নিজের সবটুকু উজার করে দেওয়ার অঙ্গীকারও করেছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই শেষ হয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। কিছু মাস আগে বাগদান পর্ব সারা এই তারকা জুটি আগামী দুর্গাপুজো মিটলেই বিয়ের কেনাকাটা শুরু করবেন। চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুর দিকেই শুভ পরিণয়ে আবদ্ধ হবেন সৌরভ ও শুভস্মিতা।