শরীয়তপুরের গোসাইরহাটে অভিযান চালিয়ে আজাদ মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১৫টি মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতের একাধিক সাজা পরোয়ানা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজাদ মৃধা ওই এলাকার মৃত মুনসুর আহম্মেদ মন্টু মৃধার ছেলে।
গোসাইরহাট থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া গোসাইরহাট থানায় তাঁর বিরুদ্ধে আদালতের একাধিক সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে ১৪ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটিতে সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে আঘাত ও দায়িত্ব পালনে বাধা দেওয়াসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে।