তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে দেশজুড়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে দীর্ঘ ১৭ বছর ধরে সেই ধারাবাহিকতা সম্পূর্ণ বন্ধ ছিল। এতদিন স্টেডিয়ামটি তালাবদ্ধ থাকায় এর মাঠ ঘাস ও আগাছায় পরিপূর্ণ হয়ে পড়েছিল। পরবর্তীতে বর্তমান উদ্যোগের অংশ হিসেবে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে।
মাদকপ্লাবন থেকে যুবসমাজকে রক্ষায় ক্রীড়া চর্চার বিকল্প নেই উল্লেখ করে ত্রাণমন্ত্রী আরও যোগ করেন, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় করা গেলে বিপথগামী তরুণ ও যুবসমাজকে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে তরুণদের মাঝে খেলাধুলার প্রতি নতুন এক উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা পুনরায় মাঠমুখী হতে শুরু করেছে। এই মহতী আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক ও কল্যাণকর বার্তা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান তার বক্তব্যে জানান, জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্যন্ত সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেছেন। এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি উদ্দীপ্ত হবে এবং তাদের মাঠমুখী করার এই মহৎ উদ্যোগ পূর্ণাঙ্গ সফলতা লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, সন্তানদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং তাদের মাঠে যাওয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম হয় এবং তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।