রাঙ্গামাটিতে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্ণামেন্ট ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়ামে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রমীলা কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো এবং জেলা বিএনপির সদস্য মৈত্রী চাকমা।
রাঙ্গামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলার মোট ১০টি নারী কাবাডি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টে জেলার বিভিন্ন উপজেলার নারী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছে এ খেলায়।গতকাল উদ্বোধনী ম্যাচে লংগদু ও জুরাছড়ি উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। প্রথম উদ্বোধনী ম্যাচে লংগদু উপজেলাকে বিশল ব্যবধানে হারিয়ে জয় লাভ করে জুরাছড়ি উপজেলা কাবাডি দল।
আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল ৪ অক্টোবর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্ণামেন্ট ২০২৬-এর সমাপ্তি হবে।আজকের টুর্ণামেন্টের শেষে অংশগ্রহণ করা ১০টি উপজেলার প্রতিনিধিদের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।