বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববাহী একটি নসিমন ও দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন তরুণ হলেন— মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে ৩ জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে ৪ জন বাড়ি ফিরে গেলেও আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলের সঙ্গে ডাব বোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।