পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি স্থানীয় রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত দুজন হলেন—দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তন্ময়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ-সোনাহার সড়ক দিয়ে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলেরই সামনের অংশ এবং হেডলাইট দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, শিক্ষক আলমগীর প্রধানকে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। এছাড়া আহত দুটোর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত শিক্ষকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই সড়ক দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।