দেশে ৪৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি মানবিক বাংলাদেশ গঠনে ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশে ক্রীড়া চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুত করার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি’ এবং খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্মারক হিসেবে দুটি বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেখানেই খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, তার সবই কঠোরহস্ত উচ্ছেদ ও উদ্ধার করা হবে। একই সঙ্গে নতুন অবকাঠামো নির্মাণের চেয়ে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে দ্রুত ব্যবহারের উপযোগী করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। জেলা স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন ইভেন্টে অনুশীলনের সুযোগ তৈরি করা হবে। সরকারের মূল লক্ষ্য কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা নয়, বরং পদকের জন্য বিশ্বমঞ্চে দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান ক্রীড়াপ্রতিভা তৈরি করা।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, সহকারী পুলিশ সুপার আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

মাঠের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিমন্ত্রী জেলার ক্রীড়া সংস্কৃতির সার্বিক উন্নয়ন, বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং মাঠ দখলমুক্ত করার এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

০%
০%
০%
০%