বগুড়া কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

বগুড়া জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক (৫২) নামের এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। ১৯ সেপ্টেম্বর মাদকসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে বিচারধীন আসামি হিসেবে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কারাবন্দি অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মালেক। তাৎক্ষণিকভাবে কারা কতৃপক্ষ তাকে দ্রুত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, মাদক মামলার বিচারাধীন ওই হাজতি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

০%
০%
০%
০%