দেশের মৎস্য সম্পদকে অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিটি পুকুর, জলাশয় ও খাল-বিলকে পরিকল্পিত মৎস্য চাষের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, মৎস্য চাষ আমাদের অর্থনীতির জন্য একটি অত্যন্ত কার্যকর ও সম্ভাবনাময় খাত। দেশের প্রতিটি জলাধারকে যদি সঠিকভাবে ব্যবহারের উপযোগী করে তোলা যায়, তবে মৎস্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এই খাতের যথাযথ বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সরকারি দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বার্ষিক কার্যক্রমের হিসাব জনগণের সামনে তুলে ধরা অত্যাবশ্যক। সংশ্লিষ্ট দপ্তরগুলো কী ধরনের সেবা প্রদান করেছে, কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং কেন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি—এই বিষয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি।
এই লক্ষ্য অর্জনে তিনি সরকারি দপ্তরগুলোর সঙ্গে গণমাধ্যমকর্মীদের ‘মিট দ্য প্রেস’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন। জহির উদ্দিন স্বপন বলেন, মৎস্য বিভাগ, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর পর্যায়ক্রমে এই আয়োজনে অংশ নেবে। সেখানে সাংবাদিকরা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন, যা জনগণের কাছে তথ্য পৌঁছানোর পথকে আরও সুগম করবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের কাছে দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।