ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় একটি পাগলা কুকুরের অতর্কিত কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) এবং সাফিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকা থেকে হাঙমারা মসজিদ ও এর আশপাশের জনবহুল সড়কে একটি উন্মত্ত কুকুর আকস্মিকভাবে পথচারী ও স্থানীয় লোকজনকে লক্ষ্য করে দৌড়ে আসে এবং এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন পথচারী ও শিশু এই আকস্মিক হামলার শিকার হন। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে ধাওয়া করে পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।
হামলায় আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল রোগীকে জরুরি ভিত্তিতে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের সরবরাহ রয়েছে, ফলে চিকিৎসাসেবা প্রদানে কোনো বিঘ্ন ঘটছে না।