নির্বাচন অনিয়ম ও সহিংসতার অভিযোগে ১১ দলীয় জোটের বিক্ষোভ সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের অভিযোগের প্রতিবাদে তারা রাজপথে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার, ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের নেতারা। এর আগে তারা নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলেছিলেন।

দুপুর ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন,

“নির্বাচনের পর আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে। এসব হামলার প্রতিবাদে আমরা সোমবার বিক্ষোভ মিছিল করব। কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অনেক কেন্দ্রে কর্মকর্তারা নিজে সিল মেরেছেন, ভোটগ্রহণে বাধা ও ভীতি সৃষ্টি করা হয়েছে। এতে ভোট কাস্টিং কম হয়েছে। কমিশনকে বারবার জানানো হলেও সন্তোষজনক পদক্ষেপ হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং, অতিরিক্ত ব্যালট ব্যবহার, ভোটগণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা এবং ফলাফল শিটে ঘষামাজা করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তনের ঘটনাও ঘটেছে।

০%
০%
০%
০%