শাহবাগের ফুটপাত থেকে স্থায়ী ঠিকানায় গোলাপি বেগম নতুন ঘরের চাবি পেলেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাতে বসবাসকারী অসহায় নারী গোলাপি বেগম পেয়েছেন তার নিজের স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও সহায়তায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে তাকে একটি আধাপাকা নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপি বেগমের নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

স্থানীয় সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গোলাপি বেগমের জন্য নির্মিত ঘর শুধু একটি মাথা গোঁজার ঠাঁই নয়; এটি তার নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করে যাচ্ছে এবং তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তার কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে পাশে দাঁড়াননি বা ভাবেননি। তারেক রহমান তাকে নিরাপদে বসবাস করার জন্য নতুন বাড়ি তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজের মায়ের মতো আপন করে কথা বলে সম্মান দিয়েছেন বলে তিনি জানান। এই নতুন বাড়ি প্রাপ্তির মাধ্যমে শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজস্ব ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

০%
০%
০%
০%