তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শনিবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটে টাঙানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে একটি কুশপুত্তলিকাও দাহ করেন তারা। জেলা ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, এনসিপির কিছু দায়িত্বশীল নেতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত ঐক্য ও মানবিক বাংলাদেশের পরিপন্থী।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, গাজী সালাউদ্দিন তানভীরের বিতর্কিত বক্তব্য জিয়া পরিবারসহ বগুড়ার আপামর মানুষের অনুভূতিতে গভীর আঘাত করেছে। তিনি অভিযুক্ত নেতাকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান। ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ দাবি করেন, সস্তা জনপ্রিয়তা পেতেই ওই নেতা এ ধরনের মন্তব্য করেছেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এনসিপির ওই নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বগুড়ায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার তাদেরই নিতে হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা।
