রাজনীতির ভাষা ও শিষ্টাচার রক্ষায় এনসিপি নেতাকর্মীদের সতর্ক করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার এলাকায় অবস্থিত জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমি বন্যা আশ্রয়ণ কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, রাজনীতির মূল ভিত্তি হলো শিষ্টাচার, যা কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্যে অনুপস্থিত। সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার বৃক্ষ চারা বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে শত প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, বহু মামলার শিকার হয়েছি, কিন্তু কখনোই অসভ্য বা বিকৃত মানসিকতার পরিচয় দিইনি। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, অশুভ রাজনীতির চর্চা বন্ধ না করলে জনগণই এর জবাব দেবে, কারণ তারেক রহমান ও বিএনপি এ দেশের মাটির সাথে মিশে থাকা শক্তি, কোনো আগন্তুক নয়।
গণতান্ত্রিক সরকারকে অস্থির করে তোলার পরিণাম ভয়াবহ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার হীন উদ্দেশ্যে যারা লিপ্ত, তারা নিজেরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। এনসিপি নেতাকর্মীদের শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক পথে ক্ষমতার স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, বিতরণ করা বৃক্ষ চারাগুলো বাড়ির আঙিনায় রোপণ করে যত্ন নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের যে জাতীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা সফল করতে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সৎ সংঘ সামাজিক উন্নয়নের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ওবায়দুল আলম সম্রাট ও নুরু মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বৃক্ষরোপণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
