AdvertisementAdvertisement

হবিগঞ্জে গাড়িবহরে হামলা মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মামলার মেডিকেল সার্টিফিকেট বা এমসি আদালতে দাখিল না হওয়া পর্যন্ত আদালত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মীও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পর ২৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই মামলা হিসেবে রুজু করে। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%