নোয়াখালীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে চালক নিহত আহত এক সেনা সদস্য

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের হাতাল্লা পোলসংলগ্ন ইতালি মার্কেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য।
নিহত মো. আমিনুল হক কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবী মিয়ার ছেলে। আহত সৈকত একই উপজেলার বাসিন্দা এবং তিনি বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে সোনাপুর থেকে মাছবোঝাই একটি পিকআপ কবিরহাটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পিকআপের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
