AdvertisementAdvertisement

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন পাঁচ বছর বয়সী শিশু সাখাওয়াত হোসেন, গৃহবধূ সাদিয়া সাবরিন বৃষ্টি ও মোটরসাইকেলচালক আকরাম হোসেন।

রোববার বিকেলে পৌরসভার চর-ধানাটা গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে সাখাওয়াত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অটোচালক সুমন মিয়ার একমাত্র সন্তান। স্থানীয়রা জানান, ডোবায় পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

একই দিনে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে সাদিয়া সাবরিন বৃষ্টি নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্র জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি এ পথ বেছে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে শনিবার রাত ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আকরাম হোসেন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিরব ও ভ্যানযাত্রী আমিনুল ইসলাম আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চপীর বাজারে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে আকরাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement
বিজ্ঞাপন

নিহত আকরাম কুমিল্লার চাঁদপুর উপজেলার বাসিন্দা ছিলেন। আহত নিরব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমিনুল ইসলাম সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্তকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%