প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে খাজা আসিফের বিস্ফোরক মন্তব্য ও মন্ত্রিসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্দরে এক প্রকার অস্বস্তি ও মতপার্থক্যের বহিঃপ্রকাশ ঘটল খোদ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মন্তব্যে। তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে বর্তমান সরকারের ‘সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি খোদ প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করেন না। একটি টেলিভিশন সাক্ষাৎকারে দেওয়া এই বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় সৃষ্টি করেছে।
খাজা আসিফ অভিযোগ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও মহসিন নাকভিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার কার্যপদ্ধতির সঙ্গে পুরোপুরি একীভূত বলে মনে হয় না। প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্যমতে, বর্তমান মেয়াদে তিনি মহসিন নাকভিকে খুব সামান্যই মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকতে দেখেছেন। এ ছাড়া জাতীয় সংসদের অধিবেশনেও তার সরব উপস্থিতি নেই বললেই চলে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে খাজা আসিফ আরও যোগ করেন, যদি একজন মন্ত্রী নিজেই দেশের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, তবে পরিস্থিতির গভীরতা বিবেচনা করে সবারই পদত্যাগ করা উচিত। মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এমন প্রতিক্রিয়া জানান প্রতিরক্ষামন্ত্রী। সম্প্রতি মহসিন নাকভি এক অনুষ্ঠানে দাবি করেছিলেন, পাকিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় তা আর কার্যকর নেই।
মহসিন নাকভির মতে, বিদ্যমান প্রশাসনিক কাঠামো পরিবর্তন না করা হলে আগামী এক দশকেও দেশের পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না। কার্যকর শাসন নিশ্চিত করতে ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠন এখন সময়ের দাবি বলে মনে করেন তিনি। তার মতে, বিদ্যমান আমলাতান্ত্রিক ও শাসন ব্যবস্থা নিজস্ব কার্যকারিতা হারিয়ে ফেলেছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
