লাহোরে নিজ মা ও আরেক নারীকে হত্যার পর আততায়ী পলাতক

পাকিস্তানের লাহোর শহরের হারবান্সপুরা এলাকায় মা ও অন্য এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘটিত এই জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অজ্ঞাত কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ভাষ্যমতে, ঘাতকের প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটলে এই খুনের ঘটনা ঘটে। এতে নিজের মা ছাড়াও আরেক নারী প্রাণ হারান। এছাড়া ঝগড়ার সময় প্রতিবেশী পরিবারের দুই কন্যা গুরুতর আহত হয়েছে, যাদের আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধারের পর ফরেনসিক আলামত সংগ্রহ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুনিকে চিহ্নিত করতে স্থানীয়দের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। পাকিস্তানর পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সব ধরনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
