নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত সেনা সদস্য

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় মাছবাহী একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে কবিরহাট-সোনাপুর সড়কে ঘটা এ দুর্ঘটনায় এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহত আমিনুল হক (৩০) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে। আহত সেনাসদস্য সৈকত বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর থেকে মাছবোঝাই একটি পিকআপ দ্রুতগতিতে কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে পিকআপটি সজোরে ধাক্কা দিলে যানটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই পিকআপ ফেলে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
