ভিলেজ কমিটি নির্বাচনের পরেই বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনে নামছে তিপ্রা মথা

ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই তিপ্রা মথা এবং এর সহযোগী শাখা সংগঠনগুলোতে ব্যাপক সাংগঠনিক রদবদল আনা হবে বলে ঘোষণা করেছেন দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, দলের অভ্যন্তরীণ কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই পুনর্গঠন প্রক্রিয়া পরিচালনা করা হবে।
প্রদ্যোৎ কিশোর মাণিক্য জানান, তিপ্রা ইয়ুথ ফেডারেশন, তিপ্রা উইমেন্স ফেডারেশন, তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন এবং তিপ্রা কালচারাল ফোরামসহ মূল দল তিপ্রা মথার সাংগঠনিক বিন্যাস নতুনভাবে সাজানো হবে। এ সময় তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা সুযোগসন্ধানী রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নতুন কমিটিতে কোনো স্থান দেওয়া হবে না। শুধুমাত্র দলের আদর্শের প্রতি নিবেদিতপ্রাণ এবং রাজ্যের উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখা সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মীদেরই নেতৃত্বে আনা হবে।
দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা টিটিএএডিসি অঞ্চলে অবশেষে ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালানোর পর এই নির্বাচন আয়োজনকে উপজাতি জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার ও স্থানীয় স্বশাসনের পুনঃপ্রতিষ্ঠার বড় জয় হিসেবে দেখছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য।
ত্রিপুরার প্রায় ৬৮ শতাংশ ভৌগোলিক এলাকা টিটিএএডিসির আওতাধীন, যেখানে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ উপজাতি মানুষ বসবাস করেন। ২০১৬ সালের পর থেকে এই অঞ্চলে কোনো নির্বাচন না হওয়ায় প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছিল। কোভিড পরিস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে বারবার পিছিয়ে যাওয়া এই নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে।
ভারতের রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে এবং ১২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচারকার্য পরিচালনা করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৩ অক্টোবর ভোটের ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের জেলা পরিষদ নির্বাচনে তিপ্রা মথার অভাবনীয় সাফল্যের পর, আসন্ন এই ভিলেজ কমিটি নির্বাচন দলটির সাংগঠনিক শক্তি পরীক্ষার বড় মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
