AdvertisementAdvertisement

এআই ব্যবহার করে এম নাসের রহমানকে নিয়ে অপপ্রচার আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি অসাধু চক্র তাঁর মুখমণ্ডল ব্যবহার করে এই ভুয়া কনটেন্ট তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এম নাসের রহমান এ বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তিনি স্পষ্ট করেন যে, তাঁকে এবং তাঁর রাজনৈতিক দলকে জনসমক্ষে বিতর্কিত করার লক্ষ্যেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ ধরনের ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে এম নাসের রহমান জানিয়েছেন, এ বিষয়ে তিনি ইতিমধ্যে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলমান রয়েছে এবং সরকারের একটি বিশেষায়িত সংস্থা এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে নিবিড়ভাবে কাজ করছে।

এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য বা ভিডিও যাচাই-বাছাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এ ধরনের ভুয়া কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করা দণ্ডনীয় অপরাধ বলে তিনি সতর্ক করেন।

Advertisement
বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে এম নাসের রহমান বলেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত না হয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও ভুক্তভোগীর সমর্থকরা।

0%
0%
0%
0%