লাহোরে দাতাগঞ্জ বখশের ৯৮৩তম বার্ষিক ওরস শুরু কঠোর নিরাপত্তায়

লাহোরে প্রখ্যাত সুফি সাধক হযরত সৈয়দ আলী বিন উসমান আল-হুজভেরি, যিনি দাতা গঞ্জ বখশ নামে সমধিক পরিচিত, তাঁর ৯৮৩তম বার্ষিক ওরস উৎসব রবিবার থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে লাহোরের মাজারে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মাজার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী চাদর চড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি মাজার শরীফে বিশেষ চাদর অর্পণ করেন এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী বিলাল ইয়াসিন, মিয়ান মারঘুব আহমদ এবং মুজতবা সুজা-উর-রহমানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী আলী দার এবং আওকাফ বিভাগের সচিব আহসান ভাটা সহ সরকারের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এই উৎসব ঘিরে মাজার প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, বিশেষ মোনাজাত ও আধ্যাত্মিক মাহফিলের আয়োজন করা হয়েছে। লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা করে কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করেছে।
তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রশাসন ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। উৎসব চলাকালীন নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, চিকিৎসা সহায়তা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আগত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য ও পানীয় বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
