আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি আজ, আসছেন নাহিদ-সারজিসসহ কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা আসছেন। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

দলের স্থানীয় সূত্র জানিয়েছে, আজমিরীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল আহমেদের আমন্ত্রণে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা সদরে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা শেষে দুপুর ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি জনসভা আয়োজন করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সমাবেশে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র সুসংহতকরণ এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্বসহ জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দেবেন।

বিজ্ঞাপন

কর্মসূচিকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আয়োজকদের প্রত্যাশা, পদযাত্রা ও জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন।

0%
0%
0%
0%