তানোরে ছাত্রশিবিরের কর্মশালা ও অদম্য জুলাই শীর্ষক মিছিল অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলা সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার আয়োজনে উপশাখা দায়িত্বশীল কর্মশালা এবং ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই কর্মশালায় সংগঠনের আদর্শিক অবস্থান, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা পশ্চিম শাখার সভাপতি রেজুয়ানুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতোয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি উপস্থিত দায়িত্বশীলদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এতে তানোর উপজেলার বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
কর্মশালা শেষে বিকেল ৫টার দিকে ‘শহীদদের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অদম্য জুলাই’ মিছিলটি বের করা হয়। তানোর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি থানা মোড় ও গোল্লাপাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভায় মেয়র পদপ্রার্থী মাহবুর চৌধুরী। সবশেষে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই কর্মসূচি সমাপ্ত হয়।