আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ

সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও গতিশীল করতে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে গণপরিবহনের নিবন্ধন গ্রহণ এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস ডিভাইস সংযোজন নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিআরটিএ-র পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে এবং কঠোর মনিটরিং নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করেছে।

নতুন নিয়মে গাড়ি নিবন্ধনের সময় কিংবা ফিটনেস সনদ নবায়নের জন্য বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হওয়ার সময় মালিকদের জিপিএস সংযোগের স্বপক্ষে প্রমাণপত্র জমা দিতে হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট ডিভাইসটি কার্যকর বা সচল রয়েছে কি না, তা সরেজমিনে প্রদর্শন করতে হবে। ডিভাইসের কারিগরি মানদণ্ড বা স্পেসিফিকেশন বিআরটিএ-র ওয়েবসাইট ও স্থানীয় কার্যালয়গুলোতে উন্মুক্ত রাখা হয়েছে।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, জিপিএস ডিভাইসের উপস্থিত নিশ্চিত হওয়ার পরই কেবল ফিটনেস সনদ ইস্যু বা নবায়ন করা হবে। জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে এই আইন বাস্তবায়নে দেশের সব পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছে বিআরটিএ। তারেক রহমান সরকারের এই যুগোপযোগী উদ্যোগ সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%