পীরগঞ্জে নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড চালুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্তমানে যে স্থানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা নেই। এর ফলে দিনের অধিকাংশ সময় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতে দীর্ঘ সময় সড়কে যানজট লেগেই থাকায় শিক্ষার্থী, নারী, শিশু, রোগীসহ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এতে সড়কের স্বাভাবিক চলাচলও সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

রংপুর শ্রমিক ইউনিয়নের পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সম্পাদক সুরুজ আলী মানববন্ধনে বলেন, তাঁরা অবিলম্বে সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড দেখতে চান। বর্তমান স্থানে জায়গার সংকটের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানামুখী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অপর এক বক্তা শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড স্থানান্তরের কার্যক্রম শুরু করতে হবে। বর্তমান বাসস্ট্যান্ড এলাকার নিত্যদিনের যানজট থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান তিনি।

মানববন্ধন শেষে অবিলম্বে সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম চালু করা, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা এবং বর্তমান সড়কগুলোর যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

০%
০%
০%
০%