সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্স গণনার চতুর্থ পর্ব শনিবার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার আবারও প্রকাশ্যে গণনা করা হবে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় এই গণনা শুরু হবে।

এর আগে গত ২২ জুন থেকে ৩ দফায় গণনা করে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে। সংগৃহীত এই অর্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন যে, জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়েই গণনার কাজ শুরু হবে।

মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ জুন প্রথমবারের মতো উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবহৃত তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও দানবাক্সগুলো সিলগালা করা হয়। এই উদ্যোগকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এর মধ্যেই গত ২১ জুন সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

পরবর্তীতে মাজারের আর্থিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো মাজারের টাকা প্রকাশ্যে গণনার এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।

০%
০%
০%
০%