ধামরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত তিনজন

ঢাকার ধামরাই উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—৩০ বছর বয়সী আখি, যার পিতা আবুল হোসেন এবং ১২ বছর বয়সী জাকারিয়া, যার পিতা মো. জসিম। উভয়ের বাড়ি ইছাপুর গ্রামে। এছাড়া নিহত অপরজন হলেন সিএনজিচালক জুয়েল, যার বয়স আনুমানিক ৪০ বছর এবং তিনি টাঙ্গাইল সদর থানার চর খিদির গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালের দিকে উপজেলার নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও একটি অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো বর্তমানে হাসপাতালে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুইজন যাত্রী ছিলেন।

০%
০%
০%
০%