লালপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে কোরআনের হাফেজ নিহত ও আহত ২

নাটোরের লালপুর উপজেলায় একটি দ্রুতগামী ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ্ আল মামুন (২০) নামের এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ্ আল মামুন উপজেলার উত্তর লালপুর গ্রামের শহীদুল ইসলাম লাকীর ছেলে। তিনি রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে গত বছর খায়রুল উম্মা হাফেজিয়া মাদরাসা থেকে হাফেজিয়া পাস করেন। ওই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত অপর দুই যুবক হলেন একই গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিহত আব্দুল্লাহসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং অপর দুই বন্ধু গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল। এছাড়া আহত ইমরান ও মনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

০%
০%
০%
০%