নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির দুটি নতুন টিওবি উদ্বোধন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্যে নতুন দুটি টেম্পোরারি অপারেশনাল বেস বা টিওবি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত এই টিওবি দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার নবনির্মিত টিওবি দুটির বিভিন্ন স্থাপনা নিবিড়ভাবে পরিদর্শন করেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, নবনির্মিত এই টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরো বেশি কার্যকর ও গতিশীল রূপ লাভ করবে। এর ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাহিনীর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি আরো উল্লেখ করেন, বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এই নতুন টিওবি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন বা ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

০%
০%
০%
০%