AdvertisementAdvertisement

লক্ষ্মীপুরে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হলো দুই কেজি ৩০০ গ্রামের রাজা ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে সোমবার দুপুরে জেলেদের জালে ধরা পড়া একটি বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। প্রায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের সুস্বাদু এই ইলিশ মাছটি দেখতে উৎসুক জনতা ঘাটে ভিড় জমান।

স্থানীয় জেলে মনু মাঝির জালে মাছটি ধরা পড়ার পর সেটি মতিরহাট মাছঘাটের সারু মিয়ার আড়তে বিক্রির জন্য আনা হয়। সেখানে নিলামের মাধ্যমে ৬ হাজার টাকা থেকে দর হাঁকা শুরু হলে শেষ পর্যন্ত ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী সর্বোচ্চ ১০ হাজার ৫০০ টাকায় মাছটির মালিকানা বুঝে নেন।

Advertisement
বিজ্ঞাপন

মাছটি কিনে নেওয়ার পর ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী জানান, বর্তমানে বড় আকারের ইলিশ সচরাচর পাওয়া যায় না, তাই বাজারে এ ধরনের মাছের কদর ও দাম দুটোই চড়া। তিনি মাছটি অধিক লাভে বিক্রির আশায় চাঁদপুরের মোকামে পাঠানোর পরিকল্পনা করেছেন, যেখানে এর দাম প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে কমলনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বর্তমানে নদীতে ইলিশের বিচরণ কিছুটা কম এবং যে পরিমাণ মাছ ধরা পড়ছে তার অধিকাংশই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। মূলত বড় ইলিশের দুষ্প্রাপ্যতার কারণেই বাজারে এর চাহিদা আকাশচুম্বী। তবে আগামী মাস নাগাদ নদীতে ইলিশের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%