AdvertisementAdvertisement

সীতাকুণ্ড পৌরসভায় কর্মস্থলে অনুপস্থিতি: নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে শোকজ

সীতাকুণ্ড পৌরসভায় দাপ্তরিক কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে পৌর প্রশাসন। সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. ফখরুল ইসলামের আকস্মিক পরিদর্শনে সরকারি দায়িত্ব পালনে গাফিলতির এ চিত্র ফুটে ওঠে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর প্রশাসক কার্যালয়ে পরিদর্শনে গিয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কক্ষ তালাবদ্ধ দেখতে পান। নির্ধারিত কর্মসময়ে দায়িত্বশীল পদে থাকা কর্মকর্তাদের অনুপস্থিতি গুরুত্বের সাথে আমলে নিয়ে তিনি বিষয়টি নথিবদ্ধ করেন। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে দপ্তরে পুনরায় উপস্থিত হয়ে তিনি অনুপস্থিত কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা তলব করেন।

Advertisement
বিজ্ঞাপন

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা ফয়েজ আহমদ। পৌর প্রশাসক জানান, জনসেবায় নিয়োজিত কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকা কোনোভাবেই কাম্য নয়। নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পৌরবাসীর দীর্ঘদিনের অভিযোগ, দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি প্রকৌশল বিভাগের ধীরগতির কারণে সাধারণ মানুষ ভবনের নকশা অনুমোদন, সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাজের প্রয়োজনে পৌরসভায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন।

Advertisement
বিজ্ঞাপন

পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ব্যক্তিগত প্রয়োজনে ঢাকার বাইরে অবস্থান ও যাতায়াতজনিত বিলম্বের কথা স্বীকার করেছেন। পৌর প্রশাসক জানিয়েছেন, কর্মকর্তাদের শোকজের জবাব পাওয়ার পর বিদ্যমান বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারসহ নাগরিক সেবা গতিশীল করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

0%
0%
0%
0%